রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলো মিয়ানমারের প্রতিনিধি দল

কক্সবাজারমিয়ানমার থেকে নতুন করে আসা রোহিঙ্গাদের সঙ্গে আলাপ করতে কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছে মিয়ানমারের ১০ সদস্যের প্রতিনিধি দল।

আজ  রবিবার বিকাল সাড়ে ৩টার দিকে প্রতিনিধি দলের সদস্যরা কুতুপালং ক্যাম্পে গিয়ে পৌঁছান। সেখানে নতুন করে আসা রোহিঙ্গাদের সঙ্গে আলাপ করেন তারা। এরপর তারা উখিয়ার পাতাবাড়িতে অবস্থিত বৌদ্ধ বিহার পরিদর্শন করেন বলে জানিয়েছেন উখিয়া থানার ওসি আবুল খায়ের।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে প্রতিনিধি দলটি কক্সবাজার পৌঁছে জেলা প্রশাসক মো. আলী হোসেনের সঙ্গে আলাপ করে। প্রায় এক ঘণ্টা আলাপকালে মিয়ানমার বাংলাদেশের সম্পর্কের উন্নয়নসহ রোহিঙ্গা সমস্যা নিয়ে নানা আলাপ আলোচনা হয়েছে।

গত ৯ অক্টোবর মিয়ানমারে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় সে দেশের সীমান্তরক্ষী বাহিনীর বেশ কয়েকটি নিরাপত্তা চৌকিতে হামলার ঘটনা ঘটে। এতে সীমান্ত পুলিশের ১২ সদস্য নিহত হয়। সেই হামলার জন্য রোহিঙ্গা মুসলমানদের দায়ী করে আসছে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী। পরে রোহিঙ্গাদের ওপর দমন অভিযান শুরু করে মিয়ানমারের আইনশৃঙ্খলা বাহিনী। এরপর থেকে সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ অব্যাহত রয়েছে রোহিঙ্গাদের। এর মধ্যে নতুন করে ৭০ হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে বলে জানিয়েছে জাতিসংঘ। এদের সম্পর্কে তদন্ত করতেই মিয়ানমার সরকার একটি তদন্ত দল গঠন করে। এর প্রধান হচ্ছেন জ্যং মিন্ট পে। তার নেতৃত্বেই ১০ সদস্য কক্সবাজার এসেছেন।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন জানান, কীভাবে উভয় দেশের সম্পর্কের উন্নয়ন করা যায় তার উপায় নিয়ে আলাপ করেছেন প্রতিনিধি দলের সদস্যরা।

প্রতিনিধি দলটি সোমবার সকালে বালুখালী ও লেদা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে।

/বিএল/

আরও পড়ুন:
মুফতি হান্নানের ফাঁসি বহাল