বান্দরবানে মাথায় গুলি করে পুলিশ সদস্যের আত্মহত্যা

বান্দরবানবান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানার ঘুমধুম তদন্ত কেন্দ্রে এক পুলিশ সদস্য মাথায় রাইফেল ঠেকিয়ে গুলি করে আত্মহত্যা করেছেন। নিহত পুলিশ সদস্যের নাম তুষার দে। শুক্রবার সকাল সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত তুষারের বাড়ি চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলায়।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘুমধুম তদন্ত কেন্দ্রের ভেতরে পুলিশ সদস্য তুষার দে নিজের রাইফেল মাথায় ঠেকিয়ে গুলি করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

তুষারের মৃত্যুর বিষয়টি ৩ নং ঘুমধুম ইউনিয়নের ৬ নং ওয়ার্ড মেম্বার সুবত বড়ুয়া বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন। 

এই ব্যাপারে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল কবির বাংলা ট্রিবিউনকে বলেন,‘ওকে নিয়ে আমরা কক্সবাজার হাসপাতালে যাচ্ছি, পরে এই বিষয়ে বিস্তারিত জানাবো।’

গত কয়েকদিন ধরে পুলিশ সদস্য তুষার মিয়ানমার সীমান্তবর্তী জেলার ঘুমধুম তদন্ত কেন্দ্রে দায়িত্ব পালন করছিলেন। তিনি দীর্ঘদিন ধরে প্রেমঘটিত বা পারিবারিক কোনও অশান্তিতে ভুগছিলেন বলে ধারণা করছেন তার সহকর্মীরা।

/বিএল/