চাঁদপুরে হত্যা মামলায় এক জনের মৃত্যুদণ্ড

চাঁদপুর

চাঁদপুরের ফরিদগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে খুন হওয়া সিরাজুল ইসলাম হত্যা মামলায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এছাড়াও আসামি আব্দুছ সাত্তারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। যা ভিকটিমের পরিবারকে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে আদালত। সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মামুনুর রশিদ এই রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসমি মো. আব্দুছ সাত্তার বর্তমানে জেল হাজতে রয়েছেন। তিনি ফরিদগঞ্জ উপজেলার লড়াইচর এলাকার মৃত আরশাদ আলী মৈশালের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০০০ সালের ৮ ডিসেম্বর ফরিদগঞ্জ উপজেলার লড়াইচর এলাকায় মিজানুর রহমানের ঘরের পশ্চিম পাশে সুপারি বাগান থেকে আব্দুস সাত্তারের স্ত্রী মনোয়ারা বেগম সুপারি গাছের পাতা নিয়ে যায়। এ নিয়ে ওই দিনই আব্দুছ সাত্তার ও সিরাজুল ইসলামের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর এক পর্যায়ে আব্দুছ ছাত্তার কুড়াল নিয়ে সিরাজুল ইসলামকে আঘাত করে। এতে সিরাজুল ইসলামের মৃত্যু হয়।

এই ঘটনায় সিরাজুল ইসলামের ভাই মিজানুর রহমান বাদী হয়ে ২০০০ সালের ৮ ডিসেম্বর ফরিদগঞ্জ থানায় তিন জনকে আসামি করে মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর ২০০১ সালের ২৭ জুন ফরিদগঞ্জ থানার এসআই ফারুক আহাম্মদ চৌধুরী এবং এসআই স্বপন কুমার মজুমদার আদালতে অভিযোগ দায়ের করেন। আদালতে মোট ১৬ জন সাক্ষীর মধ্যে সাতজন সাক্ষ্য দেয়।

/জেবি/

আরও পড়তে পারেন: নাসিরপুরে নিহত জঙ্গিদের লাশ শনাক্ত করতে মৌলভীবাজারে পরিবার