হাতিয়ায় যুবলীগ নেতা গুলিবিদ্ধের ঘটনায় মামলা

নোয়াখালীনোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় কেন্দ্রীয় যুবলীগ নেতা আশরাফ উদ্দিনসহ দুইজন গুলিবিদ্ধের ঘটনায় আদালতে মামলা দায়ের করা হয়েছে। গুলিবিদ্ধ আশরাফ উদ্দিনের ভাই অ্যাডভোকেট সাইফ উদ্দিন বাদী হয়ে আদালতে হত্যাচেষ্টার অভিযোগে একটি মামলা দায়েরের পর সোমবার (৩ এপ্রিল) হাতিয়া থানায় রেকর্ড করা হয়েছে।

মামলায় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আলী সমর্থিত রবীন্দ্র গ্রুপের প্রধান রবীন্দ্র চন্দ্রকে প্রধান আসামি করে ৮৭ জনের নাম উল্লেখ করা হয়েছে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ বলেন, রবিবার (২ এপ্রিল) হাতিয়ার আদালতে হত্যাচেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেন গুলিবিদ্ধ যুবলীগ নেতা আশরাফের ভাই অ্যাডভোকেট সাইফ উদ্দিন। আদালত থেকে নির্দেশ পাওয়ার পর তা থানায় রেকর্ড করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, দলীয় আভ্যন্তরীণ কোন্দল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চরঈশ্বর ইউনিয়নের আফাজিয়া বাজারে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, সংঘর্ষ ও গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এতে কেন্দ্রীয় যুবলীগের সদস্য আশরাফ উদ্দিনসহ দুই জন গুলিবিদ্ধ হয়। এতে উভয়গ্রুপের অন্তত ৮ কর্মী আহত হয়।

/এআর/