কক্সবাজারে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের আয়োজনে ৪ দিনব্যাপী জাতীয় সম্মেলন শুরু হয়েছে। সোমবার (৩ এপ্রিল) সকাল ৯টায় আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা (আইএইএ) ও আঞ্চলিক সহযোগী চুক্তি সংস্থার (আরসিএ) যৌথ উদ্যোগে কক্সবাজারের ‘রয়েল টিউলিপ সি পার্ল রিসোর্টে’ ৩৯তম সম্মেলনের উদ্বোধন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে প্রযুক্তিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ আনবিক শক্তি কমিশনের জন্য জাতির জনক বঙ্গবন্ধু অসামান্য অবদান রেখেছেন। বাংলাদেশে আনবিক শক্তি কমিশনকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে অগ্রণী অবদান রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী প্রয়াত ড. ওয়াজেদ মিয়ারও।’
সম্মেলনে বাংলাদেশসহ ১৯ দেশের মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, কলম্বিয়া, চীন, ফিজি, ভারত, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মঙ্গোলিয়া, মিয়ানমার, নেপাল, নিউজিল্যান্ড, পাকিস্তান, ফিলিপাইন, উত্তর কোরিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ভিয়েতনাম ও দক্ষিণ কোরিয়া।
তবে, প্রথম দিনের সম্মেলনে জাপান, লাওস, সিঙ্গাপুর অংশগ্রহণ করেনি। চারদিনের এই সম্মেলনে প্রতিনিধিদের গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হবে। আগামী ৬ এপ্রিল সম্মেলন শেষ হওয়ার কথা রয়েছে।
/এমও/