একরাম হত্যা মামলার আসামি জেহাদ অস্ত্রসহ গ্রেফতার

জাহিদ হোসেন চৌধুরী জেহাদফেনীর ফুলগাজী উপজেলার সাবেক চেয়ারম্যান একরামুল হক একরাম হত্যা মামলার অন্যতম আসামি জাহিদ হোসেন চৌধুরী জেহাদকে (৪২) অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দুপুরে ফেনী শহরের কোর্ট বিল্ডিং এলাকা সংলগ্ন নির্মাণ সুপার মার্কেটের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

আদালত সুত্রে জানা গেছে, ফেনীর আদালতে আজ রবিবার আলোচিত একরাম হত্যা মামলায় ছয়জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। একরাম হত্যা মামলায় আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে জাহিদকে অস্ত্রসহ গ্রেফতার করে পুলিশ।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খান চৌধুরী জানান, জেহাদ চৌধুরী উপজেলা চেয়ারম্যান একরাম হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি। তবে তিনি জামিনে রয়েছেন। রবিবার দুপুরে আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে একটি দেশীয় এলজি, একটি বিদেশি রিভালবার ও তিন রাউন্ড গুলিসহ জেহাদ চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

প্রসঙ্গত, ২০১৪ সালের ২০ মে ফেনী শহরের একাডেমি এলাকার বিলাসী সিনেমা হলের সামনে ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি একরামুল হককে প্রকাশ্যে গুলি করে কুপিয়ে ও গাড়িসহ পুড়িয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের ভাই রেজাউল হক জসিম বাদী হয়ে বিএনপি নেতা মাহাতাব উদ্দিন আহম্মেদ চৌধুরী মিনারের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩০-৩৫ জনকে আসামি করে ফেনী মডেল থানায় মামলা করেন। এই মামলায় ৫৬ জনকে আসামি করে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। এরমধ্যে ৪৩ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে ১৬ জন হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

/বিএল/