কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪

কুমিল্লা-নোয়াখালী সড়কের কুমিল্লা লাকসাম উপজেলার বরইল নামক স্থানে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা একই পরিবারের ৩ জনসহ চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন দুইজন। সোমবার (২৪ এপ্রিল) রাত ৯টার দিকে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বরল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুমিল্লার লাকসাম উপজেলার গন্ডামারা গ্রামের আবদুর রাজ্জাক,তার স্ত্রী ঝর্না বেগম ও শাশুড়ি জয়নব নেছা ও ইসহাক মিয়া। আহত হয়েছে রাজ্জাকের ৭ বছরের ছেলে রাজু ও চালক বাচ্চু মিয়া। রাজুকে লাকসাম স্বাস্থ্য কমপ্লেক্স ও বাচ্চু মিয়াকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের ভর্তি করা হয়েছে।

কুমিল্লা অঞ্চলের হাইওয়ে পুলিশ সুপার পরিতোষ পাল বাংলা ট্রিবিউনকে জানান, নোয়াখালীমুখী যাত্রীবাহী ইকোনো বাসটি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বরল এলাকায় এসে কুমিল্লাগামী একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি বাসের ভেতরে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত হয় ও হাসপাতালে নেওয়ার পথে আরও একজন নিহত হয়। নিহত ও আহতদের পুলিশ এবং ফায়ার সার্ভিস এসে উদ্ধার করে।

/এআর/