চট্টগ্রাম বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ দুটোই কমেছে

ফল প্রকাশের পর শিক্ষার্থীদের উল্লাসএবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ দুটোই কমেছে। এবার ৮৩ দশমিক ৯৯ শতাংশ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। গত বছর এই বোর্ডে পাসের হার ছিল ৯০ দশমিক ৪৫ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছেন ৮ হাজার ৩৪৪ জন। গত বছর জিপিএ-৫ পেয়েছিলেন ৮ হাজার ৫০২ জন।

ফলাফলে দেখা গেছে, এবার এই শিক্ষা বোর্ডের অধীনে ১ লাখ ১৭ হাজার ৮৯৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এরমধ্যে উত্তীর্ণ হয়েছেন ৯৯ হাজার ২২ জন।

বৃহস্পতিবার দুপুরে বোর্ডের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করে ফলাফল ঘোষণা করেন শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মাহবুব হাসান। এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বোর্ডের সচিব অধ্যাপক আব্দুল মোবিন।

পরীক্ষা নিয়ন্ত্রক মাহবুব হাসান বলেন, সাধারণ গণিত এবং ইংরেজি পাবলিক পরীক্ষাগুলোতে বড় ধরনের ভূমিকা রাখে। এবার পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত এলাকার ফলাফল অনেক খারাপ হয়েছে। তাই এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ফলাফল একটু কমেছে।

ফল প্রকাশের পর শিক্ষার্থীদের উল্লাসফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ছাত্রদের তুলনায় ছাত্রীরা বেশি পাস করেছে। ছাত্রদের পাসের হার ৮৩ দশমিক ৯৮ শতাংশ, যেখানে ছাত্রীদের পাসের হার ৮৪ শতাংশ।

এবার ৬২ হাজার ৫৭৬ জন ছাত্রীর মধ্যে পরীক্ষায় অংশ নেন ৬২ হাজার ৪১২ হাজার জন। এদের মধ্যে পাস করেছেন ৫২ হাজার ৪২৪ জন। অপরদিকে ৫৫ হাজার ৪৮৫ জন ছাত্র পরীক্ষায় অংশ নিয়ে পাস করেন ৪৬ হাজার ৫৯৮ জন।

বিজ্ঞান শাখার ছাত্র-ছাত্রীরাও এবার ভালো ফলাফল করেছেন। এ বছর চট্টগ্রাম শিক্ষা বোর্ডে বিজ্ঞান শাখার ছাত্র-ছাত্রীরা সবচেয়ে বেশি পাস করেছেন। এবার বিজ্ঞান শাখা থেকে উর্ত্তীণ হয়েছেন ৯২ দশমিক ৭ শতাংশ পরীক্ষার্থী। যেখানে মানবিক শাখায় পাসের হার ৭৩ দশমিক ৩৬ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা শাখায় পাসের হার ৮৬ দশমিক ৪৪ শতাংশ।

অন্যদিকে এবার জিপিএ-৪ থেকে জিপিএ-৫ পেয়ে সবচেয়ে বেশি সংখ্যক পরীক্ষার্থী পাস করেছেন। মোট পরীক্ষার্থীর মধ্যে ৩৪ হাজার ৮২ জন এই ক্যাটাগরিতে পাস করেছেন। যা  মোট উত্তীর্ণ পরীক্ষার্থীর ২৮ দশমিক ৯১ শতাংশ। অপরদিকে নাম মাত্র জিপিএ (জিপিএ-১ থেকে জিপিএ-২) পেয়ে পাস করেছেন ১৭৭ জন শিক্ষার্থী।

ছবি: রবিন চৌধুরী, চট্টগ্রাম

/বিএল/

আরও পড়ুন:


বোর্ডগুলোয় পাসের হার যত