আ.লীগ একদলীয় শাসন কায়েম করেছে: ড. আবদুল মঈন খান

Lakshmipur pic (1) 06.05.2017. (1)222

বিএনপি প্রতিষ্ঠার মাধ্যমে জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেন, ‘আওয়ামী লীগ সরকার ১৪ জানুয়ারি নির্বাচনের মাধ্যমে বহুদলীয় গণতন্ত্রকে হত্যা করে দেশে একদলীয় শাসন কায়েম করেছে। বিএনপি গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী সরকারকে হটিয়ে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করবে।’

শনিবার দুপুরে লক্ষ্মীপুরে জেলা বিএনপির কার্যালয়ে যৌথ প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আগামী নির্বাচন এবং আন্দোলনের জন্য সারাদেশে তৃণমূল নেতাকর্মীদের উজ্জীবিত করার লক্ষ্যে দেশের ৫১টি সাংগঠনিক জেলা সফরের অংশ হিসেবে শনিবার তিনি লক্ষ্মীপুর জেলা সফর করেন।

তিনি বলেন,  ‘বিএনপি জনগণের ভোটের মাধ্যমে সরকার গঠন করবে। এ জন্য যে কোনও সময় সরকার হটানোর জন্য আন্দোলনের ডাক আসতে পারে।’ বিএনপির নেতা-কর্মীদের আন্দোলনের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।

লক্ষ্মীপুরে যৌথ সভায় তিনি নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘স্লোগান দিয়ে নয়, রাজপথে থেকে আন্দোলনকে গতিশীল করে এ সরকারকে বিদায় করতে হবে। খালেদা জিয়ার নির্দেশে সারা দেশে বিএনপিসহ সব অঙ্গ-সংগঠনকে গতিশীল করতে কেন্দ্রীয় নেতারা কাজ করে যাচ্ছেন।‘

তিনি সরকারের উদ্দেশে বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক সংগঠন। সভা-সমাবেশ করা আমাদের সাংবিধানিক অধিকার, বিএনপি কোনও সন্ত্রাসী দল নয়, যে তাদেরকে সভা-সমাবেশ করতে দেওয়া যাবে না। সরকারের আচরণই প্রমাণ করে তারা স্বৈরাচারী সরকার।’ দলীয় ঐক্যের জন্য নেতাকর্মীদের পদ-পদবীর আশা না করে, জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে কাজ করে যাওয়ার আহ্বান জানান।

জেলা বিএনপির সভাপতি আবুল খায়ের ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবুর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ সামছুল আলম,  প্রচার সম্পাদক সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সাবেক সংসদ সদস্য আশরাফ উদ্দিন নিজান, সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন, সাবেক সংসদ সদস্য সাইমুন বেগম প্রমুখ।

/জেবি/

আরও পড়তে পারেন: কীটনাশক প্রয়োগের নীতিমালা মানছেন না চা বাগান মালিকরা