এমপি লতিফের বিরুদ্ধে বঙ্গবন্ধু’র ছবি বিকৃতির মামলার রিভিউ আবেদন খারিজ

এম এ লতিফচট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এম এ লতিফের বিরুদ্ধে বঙ্গবন্ধুর ছবি বিকৃতির ঘটনায় দায়ের হওয়া দুটি মামলার রিভিউ আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটান দায়রা জজ আদালতের বিচারক শাহেনুর রিভিশন আবেদন খারিজের আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন পিপি ফখরুদ্দিন চৌধুরী।
মামলার আদেশে বলা হয়, তথ্যপ্রযুক্তি আইনের মামলার রিভিশন আবেদনের শুনানি করার এখতিয়ার দায়রা জজ আদালতের নেই। তাই আবেদনকারীকে সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে যাওয়ার জন্য পরামর্শ দিয়েছেন আদালত।
উল্লেখ্য, গত বছরের ৩০ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার চট্টগ্রাম আগমন উপলক্ষে চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এম এ লতিফের লাগানো ব্যানারে বঙ্গবন্ধুর ছবি বিকৃতির অভিযোগ উঠে। এ ঘটনায় ৯ ফেব্রুয়ারি তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় যুবলীগের সাবেক কেন্দ্রীয় নেতা সাইফুদ্দিন আহমেদ রবি এবং রাষ্ট্রদ্রোহ আইনে মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বেলায়েত হোসেন আদালতে পৃথক দুটি মামলা করেন।
গত ৮ মার্চ পঞ্চম মহানগর দায়রা জজ আল ইমরান পুলিশের প্রতিবেদন পাওয়ার পর মামলা দুটি খারিজ করে দেন। পুলিশি প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়। আদালতের এ রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেন বাদী পক্ষ। মামলার বাদীরা ১৯ মার্চ তথ্য প্রযুক্তি আইনের মামলায় এবং ২ এপ্রিল মানহানির মামলায় রিভিশন করেন।
/জেবি/টিএন/আপ-এআর/