লক্ষ্মীপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসি

Lakshmipur news pic 16.05.2017

লক্ষ্মীপুরের রামগঞ্জে যৌতুকের দাবিতে স্ত্রী কুলসুম আক্তারকে হত্যা মামলায় স্বামী মনির হোসেনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে মনির হোসেনকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাইদুর রাহমান গাজী এ রায় দেন। সাজাপ্রাপ্ত মনির হোসেন ওই গ্রামের মৃত সুলতান আলীর ছেলে।

লক্ষ্মীপুর জজ কোর্টের স্পেশাল পিপি অ্যাডভোকেট আবুল বাশার রায়ের বিষয়টি নিশ্চিত করেন।

আদালত সূত্রে জানা যায়, রামগঞ্জ উপজেলার পশ্চিম শেখপুর গ্রামে ১৭ নভেম্বর ২০১২ সালে সকাল ১০টার দিকে দুই লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রী কুলসুম আক্তারকে তার স্বামী শ্বাসরোধ করে হত্যা করে। ঘটনার দিন বিকেলে নিহতের বাবা জামাল মিয়া বাদী হয়ে রামগঞ্জ থানায় মনির হোসেনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। ২০ এপ্রিল ২০১৩ সালে এসআই  কামাল হোসেন আদালতে অভিযোগপত্র দাখিল করে। আদালতে ১০ জন সাক্ষী সাক্ষ্য দেয়। হত্যার ঘটনা সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।

/জেবি/

আরও পড়তে পারেন: লক্ষ্মীপুরে ঘুর্ণিঝড়ে দুই জেলের মৃত্যু, নিখোঁজ-১