বিজ্ঞপ্তিতে বলা হয়, ঝড়ের পরপরই ৩০ মে নৌবাহিনী জাহাজ সমুদ্র অভিযান ও খাদেম জরুরি উদ্ধার অভিযানে কুতুবদিয়ার উদ্দেশে রওনা দেয়। উদ্ধার অভিযানকালে বানৌজা খাদেম কুতুবদিয়ার কাছে গভীর সমুদ্রে বিকল হওয়া ডুবন্ত নৌকা থেকে ২০ জেলেকে জীবিত উদ্ধার করে। উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা ও খাবার দেওয়া হয়েছে। বর্তমানে তারা সবাই সুস্থ আছেন।
আইএসপিআর সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে ঘুর্ণিঝড় ‘মোরা’ সেন্টমার্টিন-কক্সবাজার হয়ে চট্টগ্রাম অতিক্রম করে। এতে সেন্টমার্টিন, কক্সবাজার, টেকনাফ, কুতুবদিয়াসহ উপকূলীয় অঞ্চল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঝড়ের পরপরই বঙ্গোপসাগরে নিখোঁজ জেলেদের উদ্ধারে নৌবাহিনীর ১৫টি জাহাজ, ১টি হেলিকপ্টার ও ১টি টহল বিমান কক্সবাজার, সেন্টমার্টিন্স, টেকনাফ, চট্টগ্রাম ও খুলনার উপকূলীয় অঞ্চলসহ গভীর সমুদ্রে ব্যাপক তল্লাশি কার্যক্রম শুরু করেছে। ৫টি গ্রুপে বিভক্ত হয়ে নৌবাহিনীর জাহাজসমূহ বাংলাদেশের পুরো সমুদ্রসীমায় একযোগে উদ্ধার অভিযান পরিচালনা করছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আকাশ থেকে জেলেদের খুঁজে বের করার কাজে নিয়োজিত রয়েছে বাংলাদেশ নৌবাহিনীর ১টি হেলিকপ্টার ও ১টি মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট। এছাড়া কক্সবাজার, সেন্টমার্টিন্স ও আশপাশের এলাকায় স্থানীয় প্রশাসনকে সহায়তা করার জন্য নৌবাহিনীর একাধিক কন্টিনজেন্ট নিয়োগ করা হয়েছে। তারা ক্ষতিগ্রস্তদের ত্রাণসহায়তাসহ নিরাপত্তা দেওয়ার দায়িত্ব পালন করে যাচ্ছে।
/এফএস/
আরও পড়ুন-
‘মোরা’র আঘাতে কক্সবাজারে ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা ৫২ হাজার ৫৩৯