কক্সবাজার পৌরসভার দুর্গম ৩টি এলাকায় বুধবার বিকেল থেকে ত্রাণ বিতরণ শুরু করেছে স্থানীয় জনপ্রতিনিধি ও জেলাপ্রশাসন। এলাকা তিনটি হলো কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের ফদনার ডেইল, বন্দরপাড়া ও চরপাড়া।
এ ব্যাপারে পৌরসভার ওই ওয়ার্ডের কাউন্সিলর আক্তার কামাল বলেন, ‘কক্সবাজার পৌরসভার সবচেয়ে অবহেলিত এলাকা ফদনার ডেইল, বন্দরপাড়া ও চরপাড়া। এসব এলাকা সরেজমিন পরিদর্শনের পর বাংলাট্রিবিউন ‘কক্সবাজারে ত্রাণের জন্য হাহাকার’ শিরোনামে সংবাদ প্রকাশ করে। সংবাদ প্রকাশের পর তা কর্তৃপক্ষের নজরে আসে। পরে বুধবার বিকাল থেকে স্থানীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল ও পৌরসভার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহবুবুর রহমান ত্রাণ সামগ্রী বিতরণ শুরু করেন।
এদিকে, ঘূর্ণিঝড় কবলিত ওই তিন এলাকা ছাড়াও কক্সবাজারে দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছেন জেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা। বৃহস্পতিবার সকালে কক্সবাজার সদরসহ জেলার বিভিন্ন স্থানে ত্রাণ বিতরণ করা হচ্ছে। গত তিন দিনে কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে ঘূর্ণিঝড় কবলিত এলাকায় ২৮৪ মেট্রিক টন ত্রাণ বিতরণ করা হয়েছে বলে জানা যায়।
এদিকে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে একটি টিম কক্সবাজারের ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শনের জন্য বিকেলের দিকে কক্সবাজার আসার কথা রয়েছে। তারা শুক্রবার দুটি টিম ভাগ হয়ে জেলার দুর্গত এলাকা পরিদর্শন করবেন।
কক্সবাজার জেলা প্রশাসনের সর্বশেষ পরিসংখ্যানে এই পর্যন্ত ৫২ হাজার ৫৩৯টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এরমধ্যে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে ১৭ হাজার ২৩টি পরিবার, আংশিক ক্ষতি হয়েছে ৩৫ হাজার ৫১৬টি পরিবার। এসময় গাছের নিচে ছাপা পড়ে ৫ জন নিহত ও আহত হয়েছে ৬০ জন। এছাড়া রামু উপজেলায় প্রায় ৩০ একর, উখিয়ায় ৪০২ একর, টেকনাফে ১৩৮২ একর ও মহেশখালীতে ১৪৮১ একর জমির ফসল ও পানের বরজের ক্ষতি হয়েছে।
/জেবি/
আরও পড়তে পারেন: দিনাজপুরে কালভার্ট নির্মাণে অনিয়মের অভিযোগ