বান্দরবানে মোরায় ক্ষতিগ্রস্তদের জন্য খাদ্যশস্য বরাদ্দ

ফাইল ছবিবান্দরবানে ঘূর্ণিঝড় মোরার আঘাতে ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণের জন্য ৫০ মেট্রিক টন খাদ্যশস্য ও ৯০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন (ভারপ্রাপ্ত) কর্মকর্তা হোসাইন মোহাম্মদ আল মুজাহিদ স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। এর মধ্যে বেশি ক্ষতিগ্রস্ত নাইক্ষ্যংছড়ি, লামা ও আলিকদম-এই তিন উপজেলায় ১০ মেট্রিক টন করে ৩০ মেট্রিক টন খাদ্যশস্য এবং ৩০ হাজার টাকা করে ৯০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া বান্দরবান সদর, রুমা, থানচি ও রোয়াংছড়ি- এ চার উপজেলায় শুধুমাত্র ৫ মেট্রিক টন করে ২০ মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ দেওয়া হয়েছে।

এ বিষয়ে জেলা ত্রাণ ও পুনর্বাসন (ভারপ্রাপ্ত) কর্মকর্তা হোসাইন মোহাম্মদ আল  মুজাহিদ বাংলা ট্রিবিউনকে জানান, শুক্রবার (২ জুন) নাইক্ষ্যংছড়ি উপজেলায় এবং শনিবার লামা ও আলিকদম উপজেলায় বরাদ্দকৃত খাদ্যশস্য ও নগদ অর্থ বিতরণ করা হতে পারে। এছাড়া সদর উপজেলাসহ বাকি চারটি উপজেলায় পর্যায়ক্রমে বরাদ্দকৃত এ খাদ্যশস্য বিতরণ করা হবে।

প্রসঙ্গত, ৩০ মে ঘূর্ণিঝড় মোরার আঘাতে বান্দরবানের লামা, আলিকদম ও নাইক্ষ্যংছড়িতে ব্যাপক ক্ষতি হয়। এছাড়া বান্দরবান সদর, রুমা, থানচি ও রোয়াংছড়িতে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

/বিএল/