পাহাড়ি ছাত্র পরিষদের দীঘিনালা উপজেলা সভাপতি ও সম্পাদকের নিঃশর্ত মুক্তি ও লংগদুতে পাহাড়ি গ্রামে হামলার ঘটনার প্রতিবাদে খাগড়াছড়িতে অর্ধ দিবস সড়ক অবরোধ চলছে। এছাড়াও সংগঠনটি এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে। সোমবার এই অবরোধের ডাক দেয় ইউপিডিএফ সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ।
অবরোধের কারণে দূরপাল্লার কোনও যানবাহন ছেড়ে যায়নি। তবে শহরে রিকশা ও ইজিবাইক চলাচল করতে দেখা যায়। অবরোধ আহ্বানকারীরা সকালে জেলার বিভিন্ন এলাকায় টায়ার পুড়িয়ে সড়ক অবরোধ করে। শহরের স্বনির্ভর, চেঙ্গীব্রিজসহ কয়েকটি এলাকায় পিকেটারদের দেখা যায়।
গত বৃহস্পতিবার সন্ত্রাসীদের হাতে খুন হন রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলার যুবলীগ নেতা ও ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক নুরুল ইসলাম নয়ন। ওই ঘটনার জের ধরে শুক্রবার লংগদু এলাকায় কয়েকশ’ পাহাড়ির ঘর-বাড়িতে অগ্নিসংযোগ করে বাঙ্গালিরা। ওই ঘটনার প্রতিবাদে গতকাল রবিবার দীঘিনালায় পাহাড়ি ছাত্র পরিষদ বিক্ষোভ কর্মসূচি পালন করে। কর্মসূচি পালনের সময় সংগঠনের উপজেলা সভাপতি নিকেল চাকমা ও সাধারণ সম্পাদক জীবন চাকমাকে আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যরা আটক করে।
/জেবি/
আরও পড়তে পারেন: লংগদুতে হামলার প্রতিবাদে রাঙামাটিতে আধাবেলা অবরোধ চলছে