‘যে বাসায় আশ্রয় নিয়েছিলাম সেখানেও পাহাড় ধসে পড়েছে’

রাঙামাটিতে পাহাড় ধস‘রাত দুইটা-আড়াইটার দিকে দেখি আমাদের বাসার নিচে মাটি সরে যাচ্ছে। আতঙ্কে সঙ্গে সঙ্গে ঘর ছেড়ে পাশের একটি বাসায় আশ্রয় নেই। কাছের আরও কয়েকটি বাড়ির লোকজন সেখানে ঠাঁই নিয়েছিল। ভোরে সেহরির কিছুক্ষণ পরেই এই বাসার ওপরেই পাহাড় ভেঙে পড়ে। এখনও সেখানে অন্তত ৬ জন নিখোঁজ রয়েছে।’ রাঙামাটি শহরের ভেদভেদি পশ্চিমপাড়া এলাকার খতিজা বেগম ও নূরজাহান বেগম বাংলা ট্রিবিউনকে এসব কথা বলেন। রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ফিরে যাওয়ার সময় তারা বাংলা ট্রিবিউনের সঙ্গে কথা বলেন।

কয়েকদিনের টানা বর্ষণে রাঙামাটি শহর ও বিভিন্ন উপজেলায় পাহাড় ধসের খবর পাওয়া গেছে। কমপক্ষে ৫২ জন নিহত হয়েছেন বলে জেলা প্রশাসন জানিয়েছে। নিহতদের মধ্যে দুই কর্মকর্তা সহ চার সেনা সদস্যও রয়েছেন। বাকিরা বেসামরিক নাগরিক।পাহাড় ধসের ঘটনায় আহতরা রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন

এর মধ্যে রাঙামাটি সদরে ৪ সেনা সদস্যসহ ২১ জন, কাউখালীতে ১২ জন ও কাপ্তাইয়ে ১৩ জন, বিলাইছড়িতে ২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ডিসি মানজুরুল মান্নান এই তথ্য জানিয়েছেন।

জানা গেছে, সকালে রাঙামাটি মানিকছড়ি সেনা ক্যাম্পের সামনে রাঙামাটি-চট্টগ্রাম প্রধান সড়কে যান চলাচল স্বাভাবিক করতে ফের গিয়ে পাহাড় ধসে দুই সেনা কর্মকর্তা ও দুই সেনা সদস্য নিহত হন। ১৬ জনের একটি টিম সেখানে ছিলেন। বাকিদের মধ্যে গুরুতর আহত ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হচ্ছে।রাঙামাটিতে পাহাড় ধস

মঙ্গলবার সকালে শহরের যুব উন্নয়ন, ভেদভেদী, শিমুলতলি, রাঙাপানিসহ বিভিন্ন এলাকা থেকে পাহাড় ধসের খবর আসতে থাকে। রাঙামাটি সদর হাসপাতালে একের পর এক মৃতদেহ আসতে থাকে। আহত অবস্থায়ও ভর্তি হন অনেকে।

এদিকে কাপ্তাই উপজেলার রাইখালি ইউনিয়নের কারিগরপাড়া এলাকায় মাটিচাপা পড়ে উনু চিং মারমা এবং নিকি মারমা মারমা নামের দুজন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন রাইখালি ইউপি চেয়ারম্যান ছায়ামং মারমা। কাপ্তাই উপজেলার নতুন বাজার এলাকায় গাছ চাপা পড়ে আবুল হোসেন (৪৫) নামের এক ব্যক্তি মারা গেছেন এবং ইকবাল নামের এক ব্যক্তি কর্ণফুলি নদীতে নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কাপ্তাই উপজেলা চেয়ারম্যান দিলদার হোসেন।রাঙামাটিতে পাহাড় ধস

এদিকে রাঙামাটি বাস মালিক সমিতির সভাপতি মাইনুদ্দিন সেলিম বাংলা ট্রিবিউনকে জানান, সকাল থেকে পাহাড় ধসের কারণে কোনও আন্তজেলা বাস ছেড়ে যায়নি। জেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

/এফএস/

আরও পড়ুন- 

রাঙামাটি, বান্দরবান, চট্টগ্রামে পাহাড় ধসে নিহত ৪৯

পাহাড় ধস: উদ্ধার কাজে গিয়ে দুই সেনা কর্মকর্তাসহ চার সেনা সদস্য নিহত