চট্টগ্রামে ট্রেনের ছাদ থেকে যুবকের লাশ উদ্ধার

চট্টগ্রামচট্টগ্রাম রেল স্টেশনে সিলেট থেকে আসা উদয়ন এক্সপ্রেসের ছাদ থেকে মো. শিপন (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ জুন) সকাল ৮টায় ট্রেনটি চট্টগ্রাম স্টেশনে পৌঁছানোর পর স্থানীয় লোকজন রেলওয়ে পুলিশকে খবর দিলে তারা গিয়ে লাশটি উদ্ধার করে।
চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত শিপন হবিগঞ্জ জেলার নবীগঞ্জের মো. কবির মিয়ার ছেলে। সে নগরীতে রাজমিস্ত্রীর কাজ করতো বলে পরিবারের লোকজন জানিয়েছে।
ওসি এসএম শহীদুল ইসলাম বলেন, ‘উদয়ন এক্সপ্রেস চট্টগ্রাম স্টেশনে আসার পর স্থানীয়রা ট্রেনের ছাদে লাশটি দেখতে পায়। পরে আমাদের খবর দিলে আমরা গিয়ে লাশটি উদ্ধার করি। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল মর্গে পাঠানোর ব্যাবস্থা করা হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘নিহত শিপনের ফুফাতো ভাই বজলু থানায় এসে লাশটি শনাক্ত করেছেন। লাশের কানের নিচে আঘাতে চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রেনের ছাদে করে আসার সময় নিচু কোনও সেতু অথবা শক্ত কোনও কিছুর সঙ্গে আঘাতপ্রাপ্ত হয়ে তার মৃত্যু হতে পারে।’
/এআর/