গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলায় নিহতদের স্মরণ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বাংলাদেশে জঙ্গিবাদ দুর্বল হয়েছে, তবে নির্মূল হয়নি।’ শনিবার নোয়াখালীর কবিরহাট উপজেলার ‘করম বক্স আদর্শ উচ্চ বিদ্যালয়ে’র প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
যারা জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতা করে, সে দলের সঙ্গে কখনও ঐকমত্য হতে পারে না উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, ‘জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়তে হবে। জঙ্গিবাদ, মাদক, বেকারত্বকে শেখ হাসিনার নেতৃত্বেই আমরা পরাজিত করবো।’
অভিভাবকদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘মাদক ও জঙ্গিবাদের মতো সন্ত্রাসী কর্মকাণ্ডে যেন ছেলেমেয়েরা জড়িয়ে পড়তে না পারে, সে জন্য তাদের প্রতি খেয়াল রাখতে হবে। শেখ হাসিনার মতো নেতার সাহসী নেতৃত্বের কারণে দেশে জঙ্গিবাদ নিয়ন্ত্রণে রয়েছে। আগামী নির্বাচনে যদি নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে না পারেন, তাহলে জঙ্গিবাদের আবারও উত্থান ঘটবে।’
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ও কবিরহাট উপজেলা ভাইস চেয়ারম্যান মফিজ উল্যার সভাপতিত্বে অনুষ্ঠিত পুনর্মিলনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী, কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন রুমী। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান।
/এমও/