চট্টগ্রামে মালয়েশীয় নারী আটক

আটকবৈধ কাগজপত্র না থাকায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে সোহাফা (৪৫) নামে এক মালয়েশীয় নারীকে আটক করেছে পুলিশ। শনিবার (১ জুলাই) রাতে ওই নারীকে বিমানবন্দরে সন্দেহজনকভাবে ঘুরতে দেখে চ্যালেঞ্জ করে ইমিগ্রেশন পুলিশ। সেসময় নিজের পাসপোর্টসহ প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় তাকে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়।
নিরাপদ হেফাজতের জন্য রবিবার (২ জুলাই) দুপুরে ওই নারীকে আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে পতেঙ্গা থানা পুলিশ।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কাশেম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘৫ বছর আগে ফরিদপুরের লাভলু নামের এক ব্যক্তির সঙ্গে মালয়েশিয়ান এই নারীর বিয়ে হয়। এক মাস আগে তারা বাংলাদেশে আসে। গত ৩০ জুন মালয়েশিয়ায় ফিরে যাওয়ার কথা ছিল তাদের। সেদিন বিমানবন্দর এলাকায় আসার পর ওই নারীর পাসপোর্টসহ যাবতীয় কাগজপত্র নিয়ে পালিয়ে যায় তার স্বামী। পরে বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে।’
/এএইচ/এমও/