চট্টগ্রামে নিষিদ্ধ পলিথিন জব্দ, কারখানা সিলগালা

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি থানাধীন টেক্সটাইল গেইট এলাকায় একটি কার্টন ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে ৭০০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগ জব্দ করেছে পরিবেশ অধিদফতর। বৃহস্পতিবার (৬ জুলাই) সকালে পরিবেশ অধিদফতরের অভিযানে কারখানাটি সিলগালা করে দেওয়া হয়।

নিষিদ্ধ পলিথিন ব্যাগের কারখানা (ফাইল ছবি)চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক মো. আজাদুর রহমান মল্লিকের নেতৃত্বে পরিবেশ অধিদফতরের এনফোর্সমেন্ট টিম ওই এলাকার শামীমা কার্টন ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে পলিথিন ব্যাগগুলো জব্দ করে। আজাদুর রহমান মল্লিক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সকালে ওই কারখানায় এনফোর্সমেন্ট কার্যক্রমের আওতায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই কারখানা থেকে ৭০০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগ জব্দ করা হয়েছে।’

তিনি আরও জানান, অভিযানকালে ওই কারখানার মালিক ও কর্মচারি কাউকে পাওয়া যায়নি। আমরা কারখানাটি সিলগালা করে দিয়েছি। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এমও/