ভারী বর্ষণের কারণে গত ১২ জুন বান্দরবান -রুমার ধসে যাওয়া সড়কটি এক মাস বন্ধ থাকার পর বৃহস্পতিবার (১৩ জুলাই) সকাল থেকে চালু হয়েছে। সড়কটি সবার চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বান্দরবানের জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক।
তিনি বলেন, সেনাবাহিনী এক মাস চেষ্টা চালিয়ে এ সড়কটি যান চলাচলের উপযোগী করেছে। এ সড়কটি চালু হওয়ার ফলে কৃষকরা রুমায় উৎপাদিত আম ও আনারসসহ নানা ধরণের ফল সহজেই বান্দরবান শহরে নিয়ে আসতে পারবে। এছাড়া পর্যটকরাও রুমার বিভিন্ন পর্যটন কেন্দ্রে সহজে ও নিরাপদে যেতে পারবে।
এসময় বান্দরবান সেনা বাহিনীর ১৯ ইসিবি (প্রকৌশল নির্মাণ ব্যাটালিয়ন) ওয়ারেন্ট অফিসার সৈয়দ নাজমূল হুদা, বান্দরবান সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নাজমুল ইসলাম খানসহ বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এসময় জেলা প্রশাসক বান্দরবানের বার মাইল, বাস স্টেশনসহ বিভিন্ন এলাকার ধসে যাওয়া সড়কগুলো পরিদর্শন করেন।
/জেবি/
আরও পড়তে পারেন: ৭ কারণে গাজীপুরে বয়লার বিস্ফোরণ: তদন্ত প্রতিবেদন