ভাটিয়ারিতে রি-রোলিং মিলের গলিত লোহা ছিটকে ৯ শ্রমিক দগ্ধ

চট্টগ্রামচট্টগ্রামের ভাটিয়ারি এলাকায় অবস্থিত একটি রি-রোলিং মিলে গলিত লোহা ছিটকে পড়ে নয়জন শ্রমিক দগ্ধ হয়েছেন। রবিবার (১৬ জুলাই) সকালে সীমা অটো রি-রেলিং নামে ওই মিলে এ ঘটনা ঘটে। গলিত লোহা পড়ে শ্রমিকদের ৫ থেকে ৩০ শতাংশ শরীর পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
সীতাকু- থানার উপ পরিদর্শক মোহাম্মদ সাইফুল্লাহ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভারিয়ারিস্থ সীমা রি রোলিং নামে একটি কারখানায় গলিত লোহা পড়ে নয় শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের নগরীর একে খান এলাকায় অবস্থিত আল আমিন হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
দগ্ধ শ্রমিকরা হলেন- ওমর ফারুক, সঞ্জয়, শফিকুল ইসলাম, নিজাম উদ্দিন, মোস্তফা, রাজু, সেকান্দার আলী, নাছির উদ্দিন ও মোহাম্মদ হাসান। আহতদের বয়স ২৫ থেকে ৩৬ বছরের মধ্যে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
আল আমিন হাসপাতালের মালিক মোহাম্মদ মনির উল্লাহ বলেন, হাসপাতালে ভর্তি হওয়া শ্রমিকদের হাত, পা, বুক ও পিঠ দগ্ধ হয়েছে। তাদের মধ্যে দুই জনের শরীরের ২০ শতাংশ, একজনের ১০ শতাংশ এবং অন্যদের ৫ থেকে ৭ শতাংশ শরীর পুড়ে গেছে।

কারখানার রি-রোলিং ইউনিটের ইনচার্জ আনোয়ারুল আবছার বলেন, ‘ভুলক্রমে কাদা মিশ্রিত স্ক্রাবগুলো চুল্লিতে ফেলায় গলিত লোহা ছিটকে এসে শ্রমিকদের গায়ে পড়ে। কর্তৃপক্ষের উদ্যোগে তাদেরকে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

/এআর/