ড্রাইভারকে অজ্ঞান করে মাইক্রোবাস চুরি, গ্রেফতার ২

চট্টগ্রামচট্টগ্রামে ড্রাইভারকে অজ্ঞান করে একটি মাইক্রোবাস বিক্রির সময় গাড়ির চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১৬ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কল্পলোক আবাসিক এলাকার সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। পরে তাদের কাছ থেকে চুরি করা মাইক্রোবাসটি উদ্ধার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেওয়া মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলেন- চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার খুইল্যা মিয়ার বাড়ির নুর মোহাম্মদের ছেলে সাদ্দাম হোসেন (২৫) ও একই এলাকার আব্দুল গনির ছেলে হারুন (২৮)।
হাবিবুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ আসামিরা দোহাজারী থেকে আনোয়ারা থানাধীন পারকীর চর আসার কথা বলে উদ্ধার করা নোয়াহ মাইক্রোবাসটি (চট্টমেট্রো-চ-১১-৩৭৭৭) ভাড়া নেয়। এসময় শহরে আসার পথে গ্রেফতার দুই আসামিসহ চোর চক্রের সদস্যরা চালককে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে তাকে অজ্ঞান করে তাকে মাইক্রোর পেছনের সিটে রাখে। পরে বাকলিয়া থানাধীন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কল্পলোক আবাসিক এলাকার সামনে উক্ত গাড়িটি ৮ লাখ টাকা দামে বিক্রির চেষ্টা করলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আসামিদের হাতে-নাতে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
তিনি আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে তারা গাড়ি চোর চক্রের সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে তারা গাড়ি ছিনতাই ও চুরি করে আসছে।’
/এআর/