বর্তমান সিইসি আওয়ামী লীগের সিইসি, বর্তমান সিইসি প্রধানমন্ত্রীর সিইসি, তাই এ সিইসির পক্ষে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় মন্তব্য করে বিএনপ’র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘বিএনপি নিরপেক্ষ সহায়ক সরকারের অধীনে নির্বাচনে যাবে, আওয়ামী লীগ সরকারের অধীনে নয়।’ বুধবার কুমিল্লায় একটি জ্বালাওপোড়াও মামলার হাজিরা দেওয়ার পর মহানগরীর ধর্মসাগর সংলগ্ন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আমিন-উর-রশীদ ইয়াছিনের কার্যালয়ে দুপুর ১টায় এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, ‘রাজনৈতিক উদ্দেশে খালেদা জিয়ার নামে সরকার অপপ্রচার চালাচ্ছে। খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডন গিয়েছেন, ওইখানে থেকে যাওয়ার জন্য যাননি। বাংলাদেশ যখন দুর্যোগ দুর্বিপাকে, তখন দেশের মানুষকে রেখে বর্তমান প্রধানমন্ত্রী বিদেশ সফর করেছেন। কিন্তু দেশের মাটি ও মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক স্থাপন করে খালেদা জিয়া দেশে থেকে গেছেন।’
বিএনপি রাষ্ট্রীয় জুলুমের শিকার হচ্ছে মন্তব্য করে তিনি বলেন, ‘বর্তমান সরকারের বৈশিষ্ট্য হচ্ছে বিরোধী দলকে বিপর্যস্ত করা, হয়রানি করা। আমরা হামলা-মামলা নিয়ে ঘুরে বেড়াচ্ছি, এটাও আমাদের আন্দোলনের অংশ।
তিনি আরও বলেন, ‘সারদেশ পানিতে ভেসে যাওয়ার উপক্রম হয়েছে। অথচ কোথাও সরকারি ত্রাণ ঠিকভাবে পৌঁছাচ্ছে না। দেশে দুর্ভিক্ষের পদধ্বনি শোনা যাচ্ছে। ঢাকার দুই সিটি করপোরেশন চিকনগুনিয়া রোধে কোনও ব্যবস্থা নিতে পারেনি। মশা নিধনের লাখ লাখ টাকা আজ লোপাট হয়ে যাচ্ছে।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘যারা মাইনাস-২ ফর্মুলা জারি করেছিল, সে অসাংবিধানিক সরকারের সঙ্গে আঁতাত করে আপনি ক্ষমতায় এসেছেন। আপনি বলেছিলেন ক্ষমতায় আসলে মইনউদ্দিন-ফখরুদ্দিনকে বৈধতা দিয়ে দিবেন। পালিয়ে যাবার ভয় আপনাদের আছে, আমাদের নয়।’
সংবাদ সম্মেলনে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
/জেবি/
আরও পড়তে পারেন: নওগাঁয় দেয়াল চাপায় দুই শ্রমিকের মৃত্যু