চট্টগ্রামে অস্ত্র মামলায় দুই জনকে ১০ বছর কারাদণ্ড

আইন-আদালতঅস্ত্র মামলায় দুই ব্যক্তিকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। মঙ্গলবার (১ আগস্ট) জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হোসনে আরা এ রায় দেন।

আদালতের পিপি অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, আবু সৈয়দ ও নুর আলী। বর্তমানে দুজনই পলাতক রয়েছেন।

অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম বলেন, ‘২০০১ সালে দায়ের করা একটি অস্ত্র মামলায় আবু সৈয়দ ও নুর আলীকে আদালত ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন। পাঁচজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক এই রায় দেন।’ 

আদালত সূত্রে জানা যায়, ২০০১ সালের ১৭ জানুয়ারি নগরীর বহদ্দারহাট এলাকার একটি হোটেলে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ আবু সৈয়দ ও নুর আলীকে গ্রেফতার করে পুলিশ। পরে পুলিশ দুই জনকে আসামি করে অস্ত্র আইনে একটি মামলা করেন। একই বছরের ২৭ মে ওই মামলায় আদালতে আভিযোগপত্র দাখিল করা হয়। ২০০২ সালের ১০ মে অভিযোগ গঠনের মাধ্যমে আদালতে মামলার বিচার কাজ শুরু হয়।

/বিএল/