নোয়াখালীতে জনসচেতনতায় ব্যতিক্রমী ফুটবল টুর্নামেন্ট

নোয়াখালীনোয়াখালীর সুবর্ণচরে ছাত্র ও যুবসমাজের মধ্যে সচেতনতা তৈরির জন্য‘মাদক-সন্ত্রাস-জঙ্গিবাদ-সুদ নয়, খেলাধুলায় মিলবে জয়’ স্লোগান নিয়ে এক ব্যতিক্রমী ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। দলগুলোর নাম- মাদকবিরোধী একাদশ, গাছ লাগান পরিবেশ বাঁচান একাদশ, জঙ্গিবাদ বিরোধী একাদশ, দুর্নীতি বিরোধী একাদশ, সু-শিক্ষা একাদশ, বইপ্রেমী একাদশ, বাল্যবিবাহ বিরোধী একাদশ, ইভটিজিং বিরোধী একাদশ। নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্বচরবাটা স্কুল অ্যান্ড কলেজ মাঠে ‘হাবিবীয়া ফুটবল টুর্নামেন্ট’ নামে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।



সমাজ সচেতনতা তৈরির লক্ষ্যে আয়োজিত এই টুর্নামেন্টে সুবর্ণচরের বিভিন্ন এলাকার আটটি দল অংশ নিয়েছে। ৪ সেপ্টেম্বর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। ফাইনালে সব খেলোয়াড়ের মধ্যে ট্রফি, মেডেল, বই এবং বিভিন্ন ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হবে। টুর্নামেন্টটি ইতোমধ্যে সুবর্ণচর উপজেলার সব মানুষের মিলন মেলায় পরিণত হয়েছে। প্রতিদিন খেলা শুরুর আগে খেলোয়াড়দের মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেম এবং প্রতিযোগিতার লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে শপথবাক্য পাঠ করানো হয়। গ্রামের সাধারণ মানুষের প্রচেষ্টায় শৃঙ্খলার সঙ্গে খেলা পরিচালিত হচ্ছে।
টুর্নামেন্টের উদ্যোক্তা জাহিদুর রহমান বলেন, ‘এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীসহ সাধারণ মানুষের মনে মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত, দেশপ্রেম, বই পড়াসহ সব ধরনের ভালো গুণ অর্জনের বিষয়ে সচেতনতা তৈরি করতে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এই টুর্ণামেন্টের মাধ্যমে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতি, বাল্যবিয়ে, ইভটিজিং, যৌতুক, কুসংস্কার, কুশিক্ষা, সুদসহ নানা অসঙ্গতির বিষয়ে মানুষের মধ্যে চেতনা জাগ্রত হবে বলে আমরা বিশ্বাস করি।’
টুর্নামেন্টের আহ্বায়ক মো. আব্দুল মালেক বলেন, 'ফুটবলকে ঘিরে মানুষের মধ্যে সচেতনতা তৈরি হয়েছে। প্রত্যেকটি দল তাদের নামের মর্যাদা দিচ্ছে এবং সেই চেতনা নিজের মধ্যে লালন করছে। আমরা আশা করি মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতি, বাল্যবিয়ে, ইভটিজিং, যৌতুক, কুসংস্কার, সুদ ও কুশিক্ষার বিরুদ্ধে ফুটবলের জয় হবে।'