উত্ত্যক্তের প্রতিবাদ করায় মাদ্রাসা ছাত্রীকে হাতুড়ি দিয়ে পেটালো বখাটেরা

লক্ষ্মীপুরউক্ত্যক্তের প্রতিবাদসহ মোবাইলে ছবি তোলার অপরাধে লক্ষ্মীপুরের চররুহিতায় এক মাদ্রাসা ছাত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করেছে বখাটেরা। তাকে আহতাবস্থায় লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার (২৭ আগস্ট) বিকালে এ ঘটনা ঘটে।

নির্যাতনের শিকার ওই মেয়ে লক্ষ্মীপুর দারুল একাডেমির ৭ম শ্রেণির ছাত্রী। সে চররুহিতার কফিল উদ্দিন ভুইয়ার মেয়ে ।

স্থানীয় এবং ভুক্তভোগীরা জানায়, রবিবার বিকাল সাড়ে ৪টার দিকে চররুহিতা শফিকুল ইসলামের জায়গায় মালিকানা দাবি করে প্রতিপক্ষ নুরু মেইকার ও দিদারের ভাড়াটিয়া লোকজন জবরদখল করে ঘর নির্মাণ করছিল। এসময় কয়েকজন বখাটে ওই মাদ্রাসা ছাত্রীকে কটূক্তি ও নানাভাবে উত্ত্যক্ত করে। একপর্যায়ে ওই ছাত্রী ঘটনার প্রতিবাদসহ বখাটেদের মোবইলে ছবি তোলায় ক্ষীপ্ত হয় দিদার, নাহিদ, তোফায়েল ও মাসুদসহ কয়েকজন। পরে তারা ওই ছাত্রীকে ধরে নিয়ে হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি পেটায়। এতে ঘটনাস্থলে সে অজ্ঞান হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপতালে পাঠায়।

সদর থানার অফিসার ইনচার্জ লোকমান হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, এ ঘটনায় এখনও কোনও অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।