রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধ করতে আইনমন্ত্রীর আহ্বান

অনুষ্ঠানে আইনমন্ত্রীআইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ১৯৭১ সালে রোহিঙ্গাদের মতো বাংলাদেশিরা পাকিস্তানি বাহিনীর বর্বর নির্যাতনের শিকার হয়ে পার্শ্ববর্তী দেশ ভারতে আশ্রয় নিয়েছিল। আজ রোহিঙ্গাদের ক্ষেত্রে এমনটাই হচ্ছে। বাংলাদেশ ছোট দেশ। এতো রোহিঙ্গার চাপ নিতে পারবে না। তাদের ওপর অত্যাচার বন্ধ করতে হবে। তাদেরকে নিজ ভিটে মাটিতে ফিরিয়ে নিয়ে যেতে হবে।

শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের ধলেশ্বর গ্রামে রাবিয়া খাতুন স্মৃতি পাঠাগার আয়োজিত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান তিনি এসব কথা বলেন।

বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘আপনারা মানবধিকার-মানবধিকার কারেন, আপনাদের মধ্যে বিন্দু মাত্র মানবতাবোধ থাকলে রোহিঙ্গাদের দিকে তাকান। তাদের যে রাজ্য বসতি ছিল সেই রাজ্যে ফিরিয়ে নেওয়ার জন্যে মিয়ানমার সরকারকে বাধ্য করেন।’

তিনি বলেন, ‘আমাদের যতটুকু আছে ততটুকু দিয়ে হয়তো কিছু সময় তাদের সাহায্য করতে পারবো। কিন্তু সারাজীবন ধরে তাদের রেখে দেওয়ার শক্তি আমাদের নেই,আমরা রাখতে পারবো না।’

রাবিয়া খাতুন স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা আকছির এম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)

মো. শামছুজ্জামান,পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক জয়নাল আবেদিন প্রমুখ।

অনুষ্ঠানে পিএসসি,জেএসসি ও জেডিসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৬২ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।