‘রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে, এতে বিএনপির নাম শোনা যাচ্ছে’

 

নোয়াখালীতে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘কক্সবাজার ও উখিয়াসহ ওই অঞ্চলের রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে কিছু কিছু ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে। এই ষড়যন্ত্রের সঙ্গে বিএনপির নাম শোনা যাচ্ছে। এই অপতৎপরতা বন্ধ করুন।’ শনিবার (৯ সেপ্টেম্বর) নোয়াখালীর কবিরহাট উপজেলায় ৫০ শয্যা বিশিষ্ট কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন সেতুমন্ত্রী।

তিনি আরও বলেন, ‘বিএনপি আজ নোংরা খেলায় মেতে উঠেছে। তারা মিয়ানমার বা অত্যাচারির বিরুদ্ধে কথা বলে না। কথা বলে সরকারের বিরুদ্ধে।’

মন্ত্রী বলেন, ‘হাওর, উপকূল এলাকার জলোচ্ছ্বাস এবং সাম্প্রতিক বন্যার ক্ষয়ক্ষতির ধকল কাটিয়ে উঠতে না উঠতেই মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর অভিযানে বিতাড়িত এ পর্যন্ত তিন লক্ষাধিক রোহিঙ্গা শরণার্থীদের সামাল দিতে হচ্ছে। প্রধানমন্ত্রীর মনোবল, সাহসী ভূমিকা ও বিচক্ষণ নেতৃত্বের মধ্য দিয়ে এ অবস্থা কেটে যাবে।’

ওবায়দুল কাদের বলেন, ‘প্রথম দিন থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা কূটনৈতিক তৎপরতা শুরু করেছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই রোহিঙ্গা স্রোত আমরা মোকাবিলা করতে পারবো। জাতিসংঘ ও সারা বিশ্ব এ সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর ভূমিকার প্রশংসা করেছে। বিএনপি শেখ হাসিনার উন্নয়ন সহ্য করতে পারে না, তাই শেখ হাসিনা মুক্ত বাংলাদেশ চায়। তারা উন্নয়নের দুধের সর খাওয়া দল। তারা ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে। নির্বাচন কমিশনও তাদের খুশি করতে পারবে না।’

কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লাইন ডিরেক্টর সিবিএইচসি (স্বাস্থ্য) ডা. মোহাম্মদ আবুল হাসেম খান, পরিচালক (স্বাস্থ্য) চট্টগ্রাম, ডা. এএম মজিবুল হক, চিফ ইঞ্জিনিয়ার (স্বাস্থ্য) বিগ্রেডিয়ার জেনারেল এম এ মহি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন রুমি প্রমুখ।

মন্ত্রী বিকালে কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌর মিলনায়তনে উপজেলা ও পৌর মহিলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত মহিলা সমাবেশে যোগ দেন।

আরও পড়ুন:

যানজট নিরসনে ‘চলন্ত রাস্তার’ প্রস্তাব চলচ্চিত্র নির্মাতার