জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হাবিবুর রহমান ত্রাণগুলো গ্রহণ করেন। যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল এইড (ডিএফআইডি) লজিস্টিক্স অফিসার মার্ক কুইন তার কাছে ত্রাণগুলো হস্তান্তর করেন। এসময় আইওএম’র চট্টগ্রাম অঞ্চলের অ্যাডমিন ও ফিন্যান্স অ্যাসিসটেন্ট মাসুদুর রহমান উপস্থিত ছিলেন।
অতিরিক্ত জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান জানান, যুক্তরাজ্য থেকে পাঠানো এই ত্রাণসামগ্রীর মধ্যে এক হাজার ৪৭৮ পিস তাঁবু, ২০ হাজার পিস কম্বল ও ১০ হাজার ৫০০ পিস বিছানা চাদর রয়েছে বলে তিনি জানান। আর্ন্তজাতিক অভিবাসন সংস্থা আইওএম’র মাধ্যমে ত্রাণগুলো চট্টগ্রামে নিয়ে আসা হয়েছে। ত্রাণগুলো শিগগিরই কক্সবাজার পাঠিয়ে দেওয়া হবে।
এর আগে বৃহস্পতিবার প্রথম দফায় রোহিঙ্গাদের জন্য ৯৮ টন ত্রাণ পাঠিয়েছে যুক্তরাজ্য। ওই দিন বিকাল ৪টায় ত্রাণগুলো চট্টগ্রাম শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।