চট্টগ্রামে সাড়ে পাঁচ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

ইয়াবাসহ আটক দুই রোহিঙ্গাচট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানাধীন মেরিনার্স সড়কে অভিযান চালিয়ে সাড়ে পাঁচ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে আসার সময় রবিবার (১ অক্টোবর) ভোরে তাদেরকে আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের (চট্টগ্রাম মেট্রো) উপ-পরিচালক শামীম আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক দুজন হলেন সলিম উল্লাহ (৪২) ও মো. শাহ আলম (৩০)। এদের মধ্যে সলিম উল্লাহ সম্প্রতি বাংলাদেশে এসেছেন। অন্যজন  লেদা শরণার্থী ক্যাম্পের বাসিন্দা।

শামীম আহমেদ বাংলা ট্রিবিউনকে জানান,গোপন সংবাদের ভিত্তিতে ভোরে মেরিনার্স সড়কে অভিযান চালিয়ে সাড়ে পাঁচ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে আটক করা হয়েছে। আটক সলিমউল্লাহ ২০ দিন আগে বাংলাদেশে এসেছে। শাহ আলম লেদা শরণার্থী ক্যাম্পের বাসিন্দা। সে আগে থেকেই ইয়াবা পাচারের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে।

আরও পড়ুন:
রাখাইনে হিন্দু রোহিঙ্গাদের ওপর কারা হামলা করছে?