নাইক্ষ্যংছড়ির ৫০ রোহিঙ্গা পরিবারকে কুতুপালংয়ে স্থানান্তর

বান্দরবানবান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় বসবাসরত ৫০টি রোহিঙ্গা পরিবারকে কক্সবাজারের কতুপালং ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়েছে। বান্দরবানের জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক এই তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুরে উপজেলার ঘুমধুম ইউনিয়নের তমব্রু পশ্চিমকূল এলাকা থেকে প্রথম পর্যায়ে ৫০ পরিবারকে কক্সবাজার জেলার কতুপালং শরণার্থী ক্যাম্পে পাঠানো হয়। পরে অন্যদেরও সেখানে পাঠানো হবে।

রোহিঙ্গাদের স্থানান্তর প্রক্রিয়ায় উপস্থিত ছিলেন বান্দরবানের জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এস সরওয়ার কামাল, তমব্রুর ইউনিয়নের সদস্য আনোয়ারসহ স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা।

জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক বলেন, ‘কক্সবাজারের কুতুপালংয়ে যে কয়টি আবাসস্থল তৈরি করা হয়েছে ওই পরিমাণ রোহিঙ্গাদের তমব্রুর পশ্চিমকূল থেকে পাঠানো হয়েছে। পর্যায়ক্রমে বান্দরবানের সব রোহিঙ্গাকে ক্যাম্পে পাঠানো হবে।’

এছাড়াও মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের মধ্যে যারা এখনও অসুস্থ তারা সুস্থ না হওয়া পর্যন্ত কুতুপালং ক্যাম্পে পাঠানো হবে না বলে জানিয়েছেন জেলা প্রশাসক।

আরও পড়ুন- মধুরছড়ার গো-চারণ ভূমিতেও আশ্রয় নিয়েছে রোহিঙ্গারা