খাগড়াছড়িতে শিক্ষক নিয়োগে অনিয়মের প্রতিবাদে জনপ্রতিনিধিদের সংবাদ সম্মেলন

খাগড়াছড়িখাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে ঘুষ নেওয়া ও অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। শিক্ষক নিয়োগে এসব অনিয়মের অভিযোগে হাইকোর্টের স্থিতাবস্থা আদেশ অমান্য ও তদন্ত কমিটির কার্যক্রম চলাকালীন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয় বলে অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে। বুধবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় খাগড়াছড়ি পৌরসভার হলরুমে জেলা সুষম উন্নয়ন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির ব্যানারে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা সুষম উন্নয়ন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আহ্বায়ক এবং সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা।
লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের শিক্ষক নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে হাইকোর্টে রিট করা হলে আদালত নিয়োগ প্রক্রিয়া তিন মাস বন্ধ রাখতে স্থিতিবস্থা জারি করেন। পাশাপাশি এই অভিযোগ তদন্তে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় তিন সদস্যের কমিটি গঠনকরে। স্থিতাবস্থা ও তদন্ত কমিটির কার্যক্রম শেষ হওয়ার আগেই আইন অগ্রাহ্য করে যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করেই শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। সর্বোচ্চ আদালতের আদেশ অমান্য করে জেলা পরিষদ ধৃষ্টতা দেখিয়েছে অভিযোগ করে এর জন্য শাস্তি দাবি করা হয় সংবাদ সম্মেলন থেকে।
কমিটির সদস্য সচিব ও খাগড়াছড়ি পৌরসভার মেয়র রফিকুল আলম বলেন, ‘পরীক্ষার আগের রাতে প্রশ্নপত্র ফাঁস করে নির্দিষ্ট প্রার্থীদের পাস করিয়ে অযোগ্য প্রার্থীদের শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। টাকার বিনিময়ে এক পরিবার থেকে তিন-চার জনকে চাকরি দেওয়া হয়েছে। এছাড়া, ভুয়া মুক্তিযোদ্ধা সনদ বানিয়ে মুক্তিযোদ্ধা কোটাতেও নিয়োগ দেওয়া হয়েছে।’
সংবাদ সম্মেলনে কমিটির সদস্য ও পানছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সর্বোত্তম চাকমা, লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমা, বর্মাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হর মোহন চাকমা, মুক্তিযোদ্ধা আলী আশ্রাফ প্রমুখ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন-
মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক মিন্টু বসুর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন
বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, সালিস করে অভিযুক্তকে ছেড়ে দেওয়ার অভিযোগ