আড়াই হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

ইয়াবা (ছবি: সংগৃহীত)কক্সবাজার থেকে আড়াই হাজার ইয়াবা নিয়ে চট্টগ্রামে আসার পথে নগরীর নতুন ব্রিজ ফিশারিঘাট এলাকা থেকে দুই রোহিঙ্গাকে আটক করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা। বৃহস্পতিবার (৫ অক্টোবর) রাতে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের গোয়েন্দা শাখার সহকারী পরিচালক জিল্লুর রহমান।

আটক দুই রোহিঙ্গা হলেন- মোহাম্মদ কামাল (২২) ও নূর কামাল (১৮)। দুজনেই কক্সবাজার জেলার উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। এক সপ্তাহ আগে তারা বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে।

জিল্লুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, 'দুই যুবক ইয়াবা নিয়ে নগরীতে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে আমরা আগে থেকে ওই এলাকায় অবস্থান নিই। দুই জনের গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করলে ইয়াবা থাকার বিষয়টি স্বীকার করে। পরে তাদের শরীর তল্লাশি করে আড়াই হাজার ইয়াবা পাওয়া যায়। তারা দুজন এক সপ্তাহ আগে বাংলাদেশে এসে বালুখালী ক্যাম্পে আশ্রয় নেয়। দুই জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।'

আরও পড়ুন- কুতুপালং ক্যাম্পে যেতে নারাজ বান্দরবানে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা