চট্টগ্রামে ৮৪ কেজি গাঁজাসহ গ্রেফতার এক

উদ্ধার মাদকদ্রব্যচট্টগ্রাম নগরীর চকবাজার এলাকায় অভিযান চালিয়ে ৮৪ কেজি গাঁজা ও ২৪ বোতল ফেনসিডিলসহ হাবিব উল্লাহ জাহেদ (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-৭। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (৫ অক্টোবর) রাতে ওই এলাকার দেওয়ান বাজার ডিসি রোডস্থ জে এস বি কে স্কয়ার নামের একটি ছয়তলা ভবনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার জাহেদ ওই ভবনের ষষ্ঠতলার বাসিন্দা।

মিমতানুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জে এস বি কে স্কয়ার ভবনে কতিপয় মাদক ব্যবসায়ী মাদক ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব ওই ভবনে অভিযান চালায়। এ সময় ওই ভবনের ষষ্ঠ তলায় ফ্ল্যাট ৬/সি তে তল্লাশি চালিয়ে ৮৪ কেজি গাঁজা, ২৪ বোতল ফেনসিডিল ও একটি ইলেক্ট্রনিক ওজন পরিমাপক উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই ফ্ল্যাটের বাসিন্দা জাহেদকে গ্রেফতার করা হয়।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহেদ জানিয়েছে দীর্ঘদিন যাবত বিভিন্ন এলাকার মাদক চক্রের যোগসাজশে সে মাদক ক্রয় বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত গাঁজা এবং ফেনসিডিলের আনুমানিক মূল্য আট লাখ ৬৪ হাজার টাকা। গ্রেফতার আসামি এবং উদ্ধারকৃত মালামাল চকবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।’

উল্লেখ্য, গত বছরের ১ জানুয়ারি থেকে এ কছরের ৬ অক্টোবর পর্যন্ত এক কোটি ৩০ লাখ ১২ হাজার ৮৬৫ পিস ইয়াবা, ৪৫ হাজার ১১৮ বোতল ফেনসিডিল, ৩ হাজার ১৪১ বোতল বিদেশি মদ ও বিয়ার, ৬ লাখ ৪৯ হাজার ৮০২ লিটার দেশীয় তৈরি মদ, ৭০৬ কেজি ৫০০ গ্রাম গাঁজা, এক কেজি ২০০ গ্রাম হেরোইন এবং ২ কেজি ৪০০ গ্রাম আফিম  উদ্ধার করেছে র‌্যাব-৭।

আরও পড়ুন:

কুতুপালং ক্যাম্পে যেতে নারাজ বান্দরবানে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা