কুমিল্লার মনোহরগঞ্জে ছাগলে শিম গাছ খাওয়া নিয়ে সংঘর্ষে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে এক যুবক নিহতের ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। শনিবার সকাল ১১টায় মনোহরগঞ্জ উপজেলার নোয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছে মনোহরগঞ্জ থানার ওসি সামছুজ্জামান।
আটক ব্যক্তিরা হলেন, নিহতের চাচাতো ভাই কামাল হোসেন, ইমান ও ফারুক এবং তাদের মা জাহানারা বেগম।
নিহত আলমগীর হোসেন নোয়াগাঁও গ্রামের মৃত মোসলেম মিয়ার ছেলে। এ ঘটনায় নিহত আলমগীর হোসেনের বোন মাছুমা বেগম ও ভাগিনা নাছির আহত হয়েছেন।
মনোহরগঞ্জ থানার ওসি সামছুজ্জামান জানান, প্রতিবেশীর চাচাতো ভাইয়ের ছাগল আলমগীর হোসেনদের শিম গাছ খেয়ে ফেলা নিয়ে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে তার চাচাতো ভাই কামাল হোসেন আলমগীরকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় তার বোন ও ভাগ্নে এগিয়ে আসলে তাদেরও ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় জড়িত চারজনকে আটক করা হয়েছে।
ওসি আরও জানান,নিহত আলমগীর হোসেনের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মনোহরগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে।
আরও পড়তে পারেন: মাগুরায় চালের লাইসেন্স ও মজুতের হিসাব নিয়ে ব্যবসায়ীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া