আশুগঞ্জ নৌবন্দর থেকে নবীনগর-গৌকর্ণ ঘাট, সাচনা, মারকুলি, অষ্টগ্রাম, বাঙ্গালপাড়া, কামাইল, চামরা নৌ রুটসহ ছয়টি নৌ-পথে লঞ্চ, কার্গোসহ সব ধরনের নৌ-যান চলাচল বন্ধ রয়েছে। শনিবার সকাল থেকে এই পরিস্থিতির কারণে নৌপথে চলাচলরত যাত্রীরা বিপাকে পড়েছেন।
আশুগঞ্জ নদী বন্দরের ট্রাফিক পরিদর্শক মো. শাহ আলম বাংলা ট্রিবিউনকে জানান, শনিবার সকাল থেকে আবহাওয়া পরিস্থিতির অবনতি হওয়ায় ও প্রবল বেগে দমকা হাওয়ার কারণে আশুগঞ্জ নদীবন্দরে দুই নম্বর সতর্কতা সংকেত জারি করে আবহাওয়া অধিদফতর। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব নৌযানকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
এদিকে বৈরী আবহাওয়ার কারণে আশুগঞ্জ নৌবন্দরে আটকা পড়েছে অন্তত অর্ধশতাধিক মালবাহী কার্গো জাহাজ। টানা বৃষ্টিপাতের কারণে জাহাজ থেকে পণ্য উঠানামার কাজও বন্ধ রয়েছে। ফলে নৌবন্দরে এক ধরনের অচলাবস্থা তৈরি হয়েছে।
আরও পড়ুন- বরিশালে অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল বন্ধ