নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত দুই

দুর্ঘটনানোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর জব্বার ইউনিয়নে একটি সিএনজি চালিত অটোরিকশা ও ব্যাটারি চালিত অটোরিকশার সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই যাত্রী।

মঙ্গলবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে সুবর্ণচর-সোনাপুর সড়কের পরিষ্কার বাজার রাস্তার মাথায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন সুবর্ণচরের চরবাটা ইউনিয়নের ভাঙচুর গ্রামের আবুল কালাম (৪৫) ও লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরসীতা গ্রামের মো. ইসমাইলের ছেলে জসিম উদ্দিন (২৫)। আহতদের মধ্যে একজন চরজব্বার গ্রামের আবদুল মোতালেবের ছেলে জাহাঙ্গীর। অপরজনের পরিচয় পাওয়া যায়নি।

আহত জাহাঙ্গীরকে আশঙ্কাজনক অবস্থায় নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হলেও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপরজনকে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নোয়াখালী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ফরিদ উদ্দিন জানান, আশঙ্কাজনক অবস্থায় রাতে তিন জনকে হাসপাতালে আনা হয়। দুই জন চিকিৎসাধীন অবস্থায় মারা যান এবং একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চর জব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) নিজাম উদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন:

মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসা রোহিঙ্গা যুবকের কথা