মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্য আটক

চট্টগ্রাম মহানগরীতে অভিযান চালিয়ে মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার (২৫ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পশ্চিম) এএএম হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন-বাদশা (২৫) ও দিদার (৩০)।

অতিরিক্ত উপ-কমিশনার হুমায়ুন কবির বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে টেরিবাজার এলাকা থেকে প্রথমে দিদারকে আটক করি। এরপর তার দেওয়া তথ্য অনুযায়ী সাতকানিয়া থেকে বাদশাকে আটক করা হয়। এসময় বাদশার কাছে থাকা ২টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করি। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নগরীর ফইল্যাতলী থেকে আরও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।'

তিনি আরও বলেন,‘সংঘবদ্ধ এই চক্রটিতে অন্তত ১০ থেকে ১৫ জন সদস্য রয়েছে। গত শনিবার (২১অক্টোবর) ২টি চোরাই মোটরসাইকেলসহ জসিমকে গ্রেফতার করা হয়। জসিমের দেওয়া তথ্যের ভিত্তিতে চোর চক্রের সন্ধান পায় পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার দিদার ও বাদশাকে গ্রেফতার করা হয়।’

তিনি জানান, চোরচক্রের সব সদস্যকে গ্রেফতার করার জন্য অভিযান অব্যাহত থাকবে।