‘দ্বিতীয় রেল সেতু নিয়ে বিভ্রান্তিমূলক সংবাদ প্রচার করা হয়েছে’

সেতুর প্রকল্প পরিচালক আব্দুল হাই মেঘনা নদীর ওপর নবনির্মিত দ্বিতীয় ভৈরব রেল সেতুর মূল পিলারে কোনও ধরনের সমস্যা নেই বলে জানিয়েছেন রেলওয়ে (পূর্বাঞ্চলীয়) ম্যানেজার ও প্রকল্প পরিচালক আব্দুল হাই। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে রেল সেতু পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

আশুগঞ্জ ও ভৈরবের মধ্যে সংযোগ স্থাপনকারী নবনির্মিত দ্বিতীয় রেল সেতুর ৮ ও ৯ নম্বর পিলারে ফাটল- এ সংক্রান্ত একটি প্রতিবেদন বুধবার জাতীয় এবং স্থানীয় কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত হয়। এরপর বৃহস্পতিবার সেতুর পিলার দুটি পরিদর্শন করেন রেলওয়ে পূর্বাঞ্চলীয় ম্যানেজার এবং দ্বিতীয় ভৈরব রেল সেতুর প্রকল্প পরিচালক আব্দুল হাইসহ সেতু বিভাগের সংশ্লিষ্ট প্রকৌশলীরা।

দ্বিতীয় ভৈরব রেল সেতুপিলার দুটি পরিদর্শন শেষে প্রকল্প পরিচালক আব্দুল হাই এবং প্রকৌশলী ধ্রুব ভট্টাচার্য্য জানান, সেতুর মূল পিলারে কোনও ধরনের সমস্যা নেই। সেতুর পিলারের বাইরের বাড়তি অংশে কংক্রিটে ফাটা দাগ আছে। এগুলো কার্গো জাহাজের ধাক্কা লেগে হতে পারে। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। মূলত আতঙ্ক সৃষ্টির জন্যই প্রকৌশলীদের কোনও ধরনের মতামত ছাড়াই দ্বিতীয় ভৈরব সেতু নিয়েই একটি বিভ্রান্তিমূলক প্রতিবেদন প্রচার-প্রকাশ করা হয়েছে। এসব খবর উদ্দেশ্যমূলক।

২০১৩ সালে ৫৬৭ কোটি টাকা ব্যয়ে ভারতীয় ঠিকাদারী প্রতিষ্ঠান ইরকন এবং এফকনস যৌথভাবে ৯৮৪ মিটার দৈর্ঘ্য এবং সাত মিটার প্রস্থ দ্বিতীয় ভৈরব রেল সেতুর নির্মাণ কাজ শুরু করে। চলতি বছরের সেপ্টেম্বর মাসে সেতুটির নির্মাণ কাজ শেষ হয়। আগামী মাসে (নভেম্বর) ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রীর সেতুটি উদ্বোধনের কথা রয়েছে।