দ্বিতীয় ভৈরব রেলসেতু দিয়ে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু

দ্বিতীয় ভৈরব রেলসেতু (ছবি: ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি)অনেক অপেক্ষার পর আশুগঞ্জ ও ভৈরবে মেঘনা নদীর ওপর নির্মিত দ্বিতীয় ভৈরব রেলসেতু দিয়ে পরিক্ষামূলকভাবে ট্রেন চলাচল শুরু হয়েছে। শুক্রবার (৩ নভেম্বর) বেলা ১১টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেন প্রথমবারের মতো সেতুর ওপর দিয়ে আশুগঞ্জ স্টেশন অতিক্রম করে ভৈরবে আসে। এসময় রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দ্বিতীয় ভৈরব রেল সেতুর প্রকল্প পরিচালক এবং রেলওয়ে পূর্বাঞ্চলীয় জেনারেল ম্যানেজার আব্দুল হাই জানান, ‘ভারত ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে ৫৬৭ কোটি টাকা ব্যয়ে দ্বিতীয় ভৈরব রেলসেতুর নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। আজ (৩ নভেম্বর) থেকে সেতুর ওপর দিয়ে পরীক্ষামূলকভাবে ব্রডগেজ ও ডুয়েল গেজ লাইনে ট্রেন চলাচল শুরু হয়েছে। আগামী ৯ নভেম্বর বেলা সাড়ে ১১টার দিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে কথা রয়েছে।’

২০১০ সালে একনেকে পাস হওয়ার পর ২০১৩ সালের ডিসেম্বর মাসে সেতুর নির্মাণ কাজ শুরু হয়। ২০১৭ সালে অক্টোবর মাসে দ্বিতীয় ভৈরব রেলসেতুর কাজ শেষ হয়।