ত্রাণের নামে ৭ দিন মহাসড়ক অচল করে রাখেন খালেদা: ওবায়দুল কাদের

বক্তব্য দিচ্ছেন ওবায়দুল কাদেরসড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া রোহিঙ্গাদের ত্রাণের নামে সাত দিনের জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অচল করে রাখেন।  এরপরও সরকারের পক্ষ থেকে কিছু বলা হয়নি। কারণ দেরিতে হলেও তিনি রোহিঙ্গাদের পাশে এসেছেন। তবে রোহিঙ্গা ক্যাম্পে এসে সারা দুনিয়ার মানুষ যখন প্রধানমন্ত্রীর প্রশংসা করছেন তখন খালেদা জিয়া একটি ধন্যবাদও দিলেন না।’

রবিবার সকালে কক্সবাজারের একটি হোটেলে রোহিঙ্গাদের জন্য বিভিন্ন সংগঠনের দেওয়া সোলার প্যানেলসহ বিভিন্ন ত্রাণ সামগ্রী গ্রহণকালে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘রোহিঙ্গা সংকটে খালেদা জিয়া ও তার দল পাশে থাকেনি। আর রোহিঙ্গা ক্যাম্পে এসে এক/দুই দিন থেকে চলে গেছেন ফটোসেশন করে।’

তিনি বলেন, ‘রোহিঙ্গা সংকটে আমাদের প্রধানমন্ত্রীর ভূমিকা নিয়ে সারা দুনিয়া প্রশংসা করেছ। যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স, তুরস্ক, সৌদি আরব, ইরান ও ইউরোপিয়ান ইউনিয়নসহ সবাই এক বাক্যে বাংলাদেশের প্রশংসা করেছেন। কিন্তু বিএনপির কাছে এসব কিছুই নয়।’

এসময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম, ত্রাণ বিষয়ক সম্পাদক সুজিত রায়সহ দলের কেন্দ্রীয় ও জেলার নেতারা উপস্থিত ছিলেন।