কক্সবাজারে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ফুটপাত দখলমুক্তকরণ অভিযান ‘সকলে মিলে করি অঙ্গীকার, কক্সবাজার থাকবে সর্বদা পরিচ্ছন্ন এবং পরিষ্কার’ স্লোগানকে সামনে রেখে কক্সবাজারে শুরু হয়েছে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ফুটপাত দখলমুক্তকরণ অভিযান। আজ মঙ্গলবার (৭ নভেম্বর) সকালে কক্সবাজার বিমান বন্দর গেট থেকে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শুরু হয়। পরে হলিডে মোড়, কলাতলী ডলফিন মোড় পর্যন্ত অভিযান পরিচালিত হয়।
কক্সবাজারে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ফুটপাত দখলমুক্তকরণ অভিযানএ অভিযান উদ্বোধন করেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) চেয়ারম্যান লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফোরকান আহমদ। অভিযানে অংশ নেন কউক-এর সদস্য (প্রকৌশল) লে. কর্নেল মোহাম্মদ আনোয়ার উল ইসলাম, পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক সাইফুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের দীপ শিখা চাকমা, চট্টগ্রামের সহকারী নেভাল প্রভোস্ট মার্শাল লে. মিজানুর রহমান বিএন, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী ও অথরাইজড অফিসার কাজী ফজলুল করিমসহ জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। কক্সবাজার জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বন বিভাগ ও কক্সবাজার পৌরসভার সার্বিক সহযোগিতায় অভিযানটি পরিচালিত হয়।