অনিশ্চয়তায় দিন কাটছে লংগদুর অগ্নিদুর্গতদের

লংগদুতে ক্ষতিগ্রস্ত বাড়িঘর, ফাইল ছবিরাঙামাটির লংগদুর অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা গত চার মাস ধরে বাড়িঘর ছাড়া। সরকার বাড়ি বানিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও এখনও তার বাস্তবায়ন হয়নি। ফলে অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন তারা। এদিকে, তিনটিলা, মানিকজোড় ছড়া ও পশ্চিম বাইট্টাপাড়ায় কিছু পরিবার নিজ উদ্যোগে টং ঘর বানিয়ে থাকছেন।

কিছু ক্ষতিগ্রস্ত পরিবার উপজেলা সদরের দুটি বিদ্যালয়ে এখন আশ্রয় নিয়ে রয়েছে। তবে জেএসসি ও জেডিসি পরীক্ষার জন্য অনেককে স্কুল ছাড়তেও হয়েছে। যাদের যাওয়ার কোনও জায়গা নেই তাদের পরীক্ষা শুরুর আগে স্কুল এলাকা ছাড়তে হয়। পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত তারা সেখানে যেতে পারেন না।

আশ্রয় তৈরির চেষ্টায় ব্যস্ত পাহাড়িরা, ফাইল ছবি

লংগদু বালিকা বিদ্যালয়ের নির্মাণাধীন ছাত্রী হোস্টেলে আশ্রয় নিয়ে আছেন তিনটিলা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সুচিত্রা চাকমা। তিনি বলেন, ‘বাড়িঘর হারিয়ে আমরা নিঃস্ব। হাতে কোনও টাকা-পয়সা নাই যে ঘরবাড়ি বানিয়ে থাকবো। আবার অন্য কোথাও বাসা ভাড়া নিয়ে থাকবো তারও উপায় নাই। কোথাও কোনও ভাড়া বাসা পাওয়া যাচ্ছে না। বাধ্য হয়ে আছি। সরকার বাড়ি বানিয়ে দেবে শুনেছি। কিন্তু সেটা কবে?’

লংগদুর দুর্গতদের টংঘর

লংগদু উপজেলা জনসংহতি সমিতির সাধারণ সম্পাদক মনি শংকর চাকমা বলেন, ‘শীতকাল চলে আসলো। এখনও ক্ষতিগ্রস্তরা গৃহহারা। কখন সরকার ঘর বানিয়ে করে দেবে জানি না। এই মানুষগুলো অনিশ্চয়তার মধ্যে বসবাস করছে। কী হচ্ছে না হচ্ছে কিছুই জানি না। গত রবিবার (৫ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাকে ফোন দিয়ে বুধবার (৮ নভেম্বর) দেখা করতে বলেছেন। দেখি কী বলেন।’

এই বিষয়ে রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান বলেন, ‘আর্থিক বিষয়টির স্বচ্ছতা রাখতে কিছুটা দেরি হচ্ছে। কাজের স্বচ্ছতা ও গুণগত মানের কথা মাথায় রেখে আমরা কাজ করছি।’

লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাদ্দেক মেহেদি ইমাম বলেন, ‘১৭৬টি বাড়ি কয়টি প্যাকেজে টেন্ডার আহ্বান করা হবে সে বিষয় নিয়ে আশ্রয়ণ প্রকল্পের সচিবের সঙ্গে কথা হয়েছে। চারটি প্যাকেজ টেন্ডার করার অনুমোদনের জন্য আগামী বৃহস্পতিবার (৯ নভেম্বর) আশ্রয়ণ-২ প্রকল্পে পাঠানো হবে।’

লংগদু

তিনি বলেন, ‘উপজেলা এলজিইডি অফিসার হঠাৎ বদলি হওয়ায় কাজটি থমকে যায়। আশা করছি প্যাকেজের অনুমোদন পেলেই পরের সপ্তাহে টেন্ডার আহ্বান করা যাবে।’

প্রসঙ্গত, গত ১ জুন লংগদু উপজেলার সদর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও ভাড়ায় মোটরসাইকেল চালক নুরুল ইসলাম নয়নের লাশ দীঘিনালার চারমাইল এলাকায় পাওয়া যায়। ২ জুন সকালে একটি প্রতিবাদ মিছিল থেকে পাহাড়িদের দোকান, বসত ঘরসহ চারটি গ্রামের দু’শতাধিক বাড়িঘরে আগুন দেওয়া হয়।