শিশু নির্যাতনের দায়ে একজনের যাবজ্জীবন

যাবজ্জীবন

চট্টগ্রামে মাদ্রাসা ছাত্রীর (৯) শ্লীলতাহানির অভিযোগে করা মামলায় মো. জসিম উদ্দিন নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। নারী ও শিশু নির্যাতন দমন আইনের দুটি পৃথক ধারার একটিতে যাবজ্জীবন এবং অন্যটিতে ১০ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (০৮ নভেম্বর) চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মোতাহের আলী এ রায় দেন। ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী এম এ নাছের এ তথ্য নিশ্চিত করেছেন।

দণ্ডিত জসিম উদ্দিন লোহাগাড়া উপজেলার সিকদার পাড়া এলাকার আবুল কাশেমের ছেলে। বর্তমানে সে পলাতক রয়েছে।

আইনজীবী এম এ নাছের বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আদালত নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭ ধারায় আসামিকে যাবজ্জীবন এবং ১০ (১) ধারায় আরও ১০ বছর কারাদণ্ড দেন। দুটি পৃথক ধারায় দেওয়া এই সাজা একসঙ্গে কার্যকর হবে বলে আদালত নির্দেশনা দিয়েছেন।‘

তিনি আরও বলেন, ‘ঘটনার শিকার শিশুর বাড়ি সাতকানিয়া উপজেলার কেওচিয়া ইউনিয়নের বাইতুল ইজ্জত এলাকায়। সে তার পরিবারে সঙ্গে লোহাগাড়া উপজেলায় আসামি জসিমের বাড়িতে ভাড়া থাকতেন। সে ওই এলাকার একটি মাদ্রাসার ছাত্রী ছিল।’

আদালত সূত্র জানায়, ২০০৩ সালের ১৯ মে সন্ধ্যা সাড়ে ৬টায় শিশুটি মাদ্রাসায় যাওয়ার সময় জসিম তাকে তুলে পাশের জমিতে নিয়ে যায়। এরপর তার শ্লীলতাহানি করে। ২১ মে শিশুর বাবা লোহাগাড়া থানায় মামলা দায়ের করেন। ২০০৩ সালের ২০ জুলাই আসামির বিরুদ্ধে অভিযোগ পত্র দাখিল করে পুলিশ। ২০০৪ সালের ১০ ফেব্রুয়ারি আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। ছয় জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত বুধবার এ রায় দেন।

 আরও পড়তে পারেন: আশুগঞ্জ-ভৈরব রেলসেতুর উদ্বোধন কাল