শুক্রবার (১০ নভেম্বর) সকালে চাঁদপুর পুলিশ লাইন্সে নবনির্মিত ফটক উদ্বোধন ও মুক্তিযুদ্ধের ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি এসব কথা বলেন।
সাংবাদিক উৎপল দাস, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মুবাশ্বার হাসান সিজার ও প্রকাশনা ব্যবসায়ী তানভীর ইয়াসিন নিখোঁজ কিংবা অপহরণ সম্পর্কে আইজিপি বলেন, ‘এসব ঘটনার মোটিভ উদ্ধারে আমাদের পুলিশ বাহিনী তৎপরতা চালিয়ে যাচ্ছে। এতে আমরা অবশ্যই সাফল্য পাবো।’
দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো দাবি করে তিনি বলেন, ‘অতীতের চাইতে বর্তমানে দেশের সার্বিক আইন-শৃঙ্খলা ব্যবস্থা অনেক উন্নত। এটি আন্তর্জাতিকভাবেও স্বীকৃত। আইন-শৃঙ্খলা ভালো বলেই কমনওয়েলথসহ বিভিন্ন আন্তর্জাতিক অনুষ্ঠান ও খেলাধুলার পরিবেশ ভালো ছিল। আমরা সবাই মিলে একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই।’
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি এস এম মনিরুজ্জামান, চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার, জেলা পরিষদ চেয়ারম্যান ওচমান গনি পাটওয়ারী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মাসুদুর রহমান প্রমুখ।
প্রসঙ্গত আইজিপি এ কে এম শহীদুল হক দুই দিনের সফরে এখন চাঁদপুর আছেন। সফরের প্রথম দিনে জেলা পুলিশ লাইন্সে নতুন মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন, পুলিশ লাইন্সে নবনির্মিত ফটকের উদ্বোধন করেছেন। শনিবার সকাল ১১টায় চাঁদপুর হাসান আলী হাইস্কুল মাঠে কমিউনিটি পুলিশিং সমাবেশ, দুপুর আড়াইটায় চাঁদপুর মডেল থানার নতুন ভবনের উদ্ধোধনসহ বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন।