সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরী হাসপাতালে ভর্তি

এ বি এম মহিউদ্দিন চৌধুরীচট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হৃদযন্ত্রের জটিলতা দেখা দেওয়ায় শনিবার (১১ নভেম্বর) দিবাগত রাতে তাকে মহানগরের ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) আছেন। মহিউদ্দিন চৌধুরীর ব্যক্তিগত সহকারী ওসমান গণি বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

ওসমান গণি বলেন, ‘মহিউদ্দিন চৌধুরী শনিবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আজ রবিবার (১২ নভেম্বর) সন্ধ্যা নাগাদ তাকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে স্থানান্তর করা হবে। এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাকে চট্টগ্রাম থেকে ঢাকায় নেওয়া হবে। তবে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরেও নিয়ে যাওয়া হতে পারে।’

চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর ডা. লিয়াকত আলী খান জানান, মহিউদ্দিন চৌধুরী’র হৃদযন্ত্র ছাড়াও অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গেও সমস্যা রয়েছে। তবে শনিবার রাতের চাইতে এখন তার অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।