চট্টগ্রামে অপহৃত শিশু উদ্ধার, আটক ১

চট্টগ্রামচট্টগ্রামে অপহৃত হওয়া শিশু মো. জোবাইদকে (৩) অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১২ নভেম্বর) সকালে নগরীর বহদ্দারহাট এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় মো. রফিকুল আলম (৩০) নামে এক অপহরণকারীকে আটক করেছে পুলিশ।

হালিশহর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জোবাইর সৈয়দ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অপহরণকারী রফিকুল আলম সর্ম্পকে অপহৃত শিশুর ফুফা হন। 

মোহাম্মদ জোবাইর সৈয়দ বাংলা ট্রিবিউনকে বলেন,‘শিশু জোবাইদ শনিবার (১১ নভেম্বর) বিকালে হালিশহর থানার ওয়ালটন গলি এলাকা থেকে নিখোঁজ হয়। সন্ধ্যায় একটি অপরিচিত নম্বর থেকে মোবাইলে ফোন করে তার পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। পরে পরিবারের সদস্যরা থানায় বিষয়টি অবহিত করেন। তাদের অভিযোগের ভিত্তিতে নগর গোয়েন্দা পুলিশের সহযোগিতায় রাতভর নগরী ও আশপাশের উপজেলাগুলোতে অভিযান চালায় পুলিশ। পরে রবিবার সকালে ফাঁদ পেতে পুলিশ অপহরণকারী রফিকুল ইসলামকে বহদ্দারহাট চাঁনমিয়া সড়ক থেকে আটক করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে সকালে বহদ্দারহাট এলাকার আল আমিন গলিস্থ তার এক আত্মীয়ের বাসা থেকে পুলিশ অপহৃত জোবাইদকে অক্ষত অবস্থায় উদ্ধার করে।’

তিনি আরও বলেন, ‘এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এর সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।’