তিন রোহিঙ্গাসহ পাঁচ জনের কারাদণ্ড

কারাদণ্ড

কক্সবাজারের উখিয়া ও টেকনাফে পৃথক অভিযান চালিয়ে তিন রোহিঙ্গাসহ পাঁচ জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও ১৭১ জন রোহিঙ্গাকে আটক করে ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে। সোমবার (১৩ নভেম্বর)  দিনব্যাপি রোহিঙ্গা ক্যাম্পগুলোতে অভিযান চালিয়ে তাদের আটক ও দণ্ডাদেশ দেওয়া হয়।

অভিযানে নেতৃত্বদানকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা বলেন, ‘রোহিঙ্গাদের মাধ্যমে এই অঞ্চলে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে মাদক। বড় বড় ব্যবসায়ীরা রোহিঙ্গাদের এ ব্যবসায় ব্যবহার করছে। এটি নিয়ন্ত্রণে তৎপরতা বৃদ্ধি করা প্রয়োজন।’

সোমবার দুপুর ২টার দিকে রোহিঙ্গাদের উখিয়ার বালুখালী-১ নং অস্থায়ী ক্যাম্পের পাশের গ্রাম জুমছড়া-৩ ক্যাম্পে অভিযান পরিচালনা করা হয়। এসময় রোহিংগা নাগরিক ঈমান হোসেন (২৬) ও মো. রিজওয়ানকে (১৮) ৪০ পিস ইয়াবাসহ হাতেনাতে ধরা হয়। তার কাছে থাকা সিগারেটের প্যাকেট থেকে ৪০ পিস ইয়াবা উদ্ধার কর হয়। উখিয়ার সহকারী কমিশনার (ভূমি) একরামুল সিদ্দিকের কাছে অভিযুক্তরা দোষ স্বীকার করে নেওয়ায় আসামি ঈমান হোসেন ও রিজওয়ানকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।

অপরদিকে র‌্যাব-৭ কক্সবাজারের কোম্পানি কমান্ডার মেজর মো. রুহুল আমিন জানান, সোমবার সকালে টেকনাফের শামলাপুরে অভিযান চালিয়ে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত টাকার বিনিময়ে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার কারণে দুই বাংলাদেশিসহ এক রোহিঙ্গাকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। র‌্যাব সদর দফতরের নির্বাহী  ম্যাজিস্ট্রেট সারওয়ারুল আলম আদালত পরিচালনা করেন।

এসময় ক্যাম্পের বাইরে অবস্থান করায় ১৭১ জন রোহিঙ্গা আটকের পর ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে।

 আরও পড়ুন: দিনাজপুরে ট্রাকের ধাক্কায় দুইজন নিহত