নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেছেন।
আসামিরা হলেন জামায়াতের চট্টগ্রাম মহানগর আমির মো. শাহজাহান ও সেক্রেটারি নজরুল ইসলাম এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা আমির জাফর সাদেক।
নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বাংলা ট্রিবিউনকে বলেন, ৯ অক্টোবর উত্তরা থেকে জামায়াতের ৯ শীর্ষ নেতার সঙ্গে গ্রেফতার চট্টগ্রামের এই তিন নেতাকে প্যারেড ময়দানে হামলার ঘটনায় শোন অ্যারেস্ট দেখিয়ে আজ আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত আবেদন নামঞ্জুর করে তাদেরকে কারাফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন। পাশাপাশি সাত দিনের মধ্যে এই মামলার প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন আদালত।
তিনি আরও বলেন, ‘একই দিন আদালতে আসামির আইনজীবীরা জামিন আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’
প্রসঙ্গত, ২০১৬ সালের ১১ মে নগরীর প্যারেড ময়দানে নিজামীর গায়েবানা জানাজার ডাক দেয় জামায়াতে ইসলামী। ছাত্রলীগ নেতাকর্মীরা জানাজা প্রতিহত করার ঘোষণা দিলে জামায়াত-শিবিরের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এ সময় জামায়াত-শিবির নেতাকর্মীরা চকবাজার এলাকায় ব্যাপক ভাঙচুর চালায়। পুলিশ পরিস্থিতি সামলানোর জন্য সরিয়ে দেওয়ার চেষ্টা করলে তারা সংঘবদ্ধভাবে পুলিশের ওপর হামলা চালায়।